নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিলেট আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তারা অভিমত রেখেছেন, বাংলাদেশের নতুন সম্ভাবনাকে ধরে রাখতে এবং সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার, ২ অক্টোবর বিকেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম বাংলাদেশের সহযোগিতায় মহানগরীর মির্জাজাঙ্গালে একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সিলেটের চা, পর্যটন, মৎস, কৃষি, যোগাযোগ ও রেমিটেন্সসহ অন্যান্য অর্থনৈতিক খাতের দুর্নীতি, অবহেলা ও উন্নয়নবঞ্চনা নিয়ে বিভিন্ন পেশার প্রতিনিধিরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, কমিটি প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সবচেয়ে কৌতুহলের বিষয় হলো, দেশে সরকারি কর্মচারীরা হয়েছেন ব্যবসায়ী আবার ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ। অন্যদিকে ব্যবসায়ীরা হয়েছেন রাজনীতিবিদ আর রাজনীতিবিদরা হয়েছেন ব্যবসায়ী।
ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোথায় যেন আস্থার সংকট রয়েছে। তবে তা যেন কোনভাবেই আগামীদিনের সম্ভাবনাকে নষ্ট করতে না পারে।