নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার বিপুল সম্ভাবনা রয়েছে।
জাপানের দুটি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ওইতা বিশ্ববিদ্যালয় ও এহিমে বিশ্ববিদ্যালয় সফরের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই দেশে চিকিৎসা বিজ্ঞানে গুণগতমান ও ফলপ্রসূ গবেষণার উপর গুরুত্ব আরোপ করছেন।
তিনি উল্লেখ করেন, ‘একটা সময় ছিল যখন বিদেশীদের সঙ্গে আমাদের সংযোগ-সহযোগিতা মানেই ছিল রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে বিদেশে পাঠিয়ে বৈজ্ঞানিক জার্নালে লেখা প্রকাশ করা। এতে দেশের খুব একটা লাভ হয়নি। কারণ এতে একদিকে ডাটার উপর আমাদের নিয়ন্ত্রণ যেমন কমে যায় অন্যদিকে দেশের ও দেশের মানুষের জন্য সত্যিকারের প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনার স্বাধীনতাও খর্ব হয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেই সময়কে অনেকটাই পিছনে ফেলে এসেছে। কৃষিতেতো বটেই, চিকিৎসা বিজ্ঞানেও আমরা বর্তমান সরকারের উদ্যোগগুলোর সুবাদে অনেকদূর এগিয়ে গেছি। আমাদের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের রিসার্চ সক্ষমতা এখন অনেক বেশি। আমি নিজেও দেশের একাধিক বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউটের সঙ্গে ফ্যাটি লিভার ও লিভার ক্যন্সার চিকিৎসায় হার্বাল ওষুধ নিয়ে গবেষণা করছি।’
এই প্রেক্ষাপটে তার এবারের জাপান সফর খুবই ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।
এই সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ওইতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ আর ওইতা বিশ্ববিদ্যালযের পক্ষে স্বাক্ষরদানকারী ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ সেন্টার ফর গ্লোবাল এন্ড লোকাল ইনফেকশাস ডিজিজের ডিন অধ্যাপক ডা নিশিজানো। এই সমঝোতা স্মারকটি স্বক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় দু’টির মধ্যে যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে।
ওইতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের দু’বছর ধরে চলমান গবেষণা সহযোগিতার কথা উল্লেখ করে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভাইরাল হেপাটাইটিসসহ অন্যান্য যৌথ গবেষণার বিষয়ে ওইতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।
আলোচনাকালে আরও উপস্থিত ছিলেন ওইতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার, বাংলাদেশী বংশোদ্ভুত জাপানি চিকিৎসা বিজ্ঞানী ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর ও ওইতা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা শাকিরূল খান।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর ওইতা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে ’ওষুধ উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত’ একটি বৈজ্ঞানিক সেমিনারেও বক্তব্য রাখেন।
এ ছাড়াও অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জাপানের অপর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এহিমে বিশ্ববিদ্যালয়ও সফর করেন।
এই বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাসভ্যাক’ নামক হেপাটাইটিস বি’র নতুন উদ্ভাবিত ওষুধটি নিয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হচ্ছে। এরই মধ্যে সেখানে ন্যাসভ্যাকের ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক হেপাটাইটিস বি রোগীর ন্যাসভ্যাক দিয়ে চিকিৎসায় এইচবিএসএজি নেগেটিভ হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
এই যৌথ গবেষণার ফলাফল এরই মধ্যে ‘হেপাটোলজি রিসার্চ’ নামক একটি শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।
এহিমে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা ওইচি হিয়াসার সঙ্গে আলোচনার সময় তারা এ বিষয়ে আরও যৌথ গবেষণা চালিয়ে যেতে সম্মত হন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর ও এহিমে বিশ্ববিদ্যালয়র সহযোগী অধ্যাপক ডা ওসামু ইয়োশিদা।
উল্লেখ্য, ন্যাসভাকের অন্যতম উদ্ভাবক ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর আর বাংলাদেশে ওষুধটির ফেজ-১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। ন্যাসভ্যাব বর্তমানে কিউবাসহ বিশ্বের একাধিক দেশে হেপাটাইটিস বি’র চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশের ড্রাগ কন্ট্রোল কমিটি ইতোমধ্যেই ওষুধটির রেসিপি অনুমোদন করেছে। আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে ওষুধটি দেশের বাজারে আসবে।