বসিক নির্বাচনে হামলার প্রতিবাদে সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থীর

প্রকাশিত June 12, 2023
বসিক নির্বাচনে হামলার প্রতিবাদে সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনর-বসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে ও ভোট কারচুপির অভিযোগ তুলে সিলেট সিটি করেপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার, ১২ জুন রাত ৮টার দিকে মহানগরীর শিবগঞ্জে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন কমিশনকে ব্যর্থ আখ্যায়িত করে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
আগামীকাল মঙ্গলবার, লিখিতভাবে নির্বাচন বর্জনের ব্যাপারে সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসারকে জানানো হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ডা মোয়াজ্জেম হোসেন খান, সিলেট মহানগর উপদেষ্টা রেদোয়ানুল হক, মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ডা রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা সহসভাপতি আমির উদ্দিন।