নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত সচিব (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) কবিরুল ইজদানী খান বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের বর্তমানের সঞ্চয় যাতে ভবিষ্যতের সামাজিক নিরাপত্তা হয় সে লক্ষ্যেই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। ১৮ বছর বয়স হলেই যে কেউ এই স্কিমে সংযুক্ত হতে পারবেন। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেহেতু চাকরি জীবন শেষে পেনশন পান সেহেতু এই সুবিধা পাবেননা।
বৃহস্পতিবার, ৩১ আগস্ট সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রথমপর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র করতেই সংবিধানে সামাজিক নিরাপত্তার বিষয়টি সন্নিবেশিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নেই ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার পূরণে চালু করেছেন আধুনিক সঞ্চয় পদ্ধতি সর্বজনীন পেনশন স্কিম। আপামর জনগণকে এর আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে ও দেশীয় প্রেক্ষাপটে সর্বজনীন পেনশন স্কিম তৈরি করা হয়েছে। এতে নেতিবাচক কিছু নেই। সকল কার্যক্রম তথ্য প্রযুক্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো এনামুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংস্থার সভাপতি জামিল চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী প্রমুখ।