বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত June 27, 2022
বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

জাকারিয়া হোসেন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা করোনার মতো মহামারি মোকাবেলা করতে পেরেছি-অন্য যেকোন দুর্যোগও মোকাবেলা করতে পারবো। এজন্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক হয়ে কাজ করলে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্যে কঠিন হবেনা।
মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, সিলেটের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন। বন্যার শুরুতেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে। সেই নিদের্শনা অনুসারে সবাই কাজ করছে। নগদ অর্থসহ ত্রাণ দেওয়া হয়েছে প্রচুর। স্বাস্থ্য মন্ত্রণালয়ও পর্যাপ্ত ওষুধ, পানি বিশুদ্ধকরণ বড়ি, ওরস্যালাইন ও অন্যান্য চিকিৎসা উপকরণ সরবরাহ করেছে। তাই চিকিৎসায় কোন ঘাটতি ছিলনা। বিনা চিকিৎসার কেউ মারাও যায়নি।
তবে তিনি আশংকা করেন, বন্যা পরবর্তী সময়ে পেটের পীড়াসহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে। অবশ্য এ ব্যাপারেও যথাযথ প্রস্তুতি রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও গণমাধ্যমসহ যারা বিভিন্নভাবে কাজ করেছেন তাদের প্রশংসা করেন।
তিনি বলেন, যারা কাজ করেনা তারাই সমালোচনা করে। অন্যদিকে যারা কাজ করে তাদের হাতে অন্যের সমালোচনা করার সময়ই থাকেনা।
মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।