বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ আরও গতিশীল করতে হবে : জেলা প্রশাসক

প্রকাশিত February 9, 2022
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ আরও গতিশীল করতে হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, আকস্মিক বন্যার পূর্বাভাস দ্রুত দিতে পারলে কৃষকরা আগে থেকেই ফসল রক্ষায় সতর্ক হতে পারবেন। ফলে ফসলের অনেকটাই ঘরে তোলা সম্বব হতে পারে। তাই বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কাজকে আরও গতিশীল করতে হবে।
তিনি বলেন, বিশ্বে ফসল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ অবস্থানে আছে। উৎপাদন আরও বাড়াতে হাওরের ফসল রক্ষা অন্যতম একটি প্রধান কাজ। এ জন্যে কৃষককেও সচেতন করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবো, ইসিমুড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
মো মজিবর রহমান ২০১৭ সালে ভাটি এলাকায় আকস্মিক বন্যায় চরম বিপর্যয় এবং গত মৌসুমে যান্ত্রিক পদ্ধতিতে ফসল আহরণে সফলতা তুলে ধরে পরিকল্পিত কাজেব উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সিলেট পাউবোর প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো আব্দুস শহিদ।
কর্মশালায় আকস্মিক বন্যা সম্পর্কিত ৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শামীম হোসাইন আকস্মিক বন্যার কারণ, সময় ও ঋতু ভিত্তিক বন্যা, বৃষ্টিপাত, সিলেট অঞ্চলে বেশি বজ্রপাতের কারণ ও প্রতিকার বিষয়ে বিস্তর আলোচনা করেন।
বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া আকস্মিক বন্যার বিভিন্ন সময়ের তথ্য তুলে ধরে জানান, তারা এখন ৫ দিন ও ৩ দিন আগেই বন্যার পূর্বাভাস ও স্থায়িত্ব বিষয়ে সতর্কতা দিতে পারেন।
আকস্মিক বন্যা মোকাবেলা, ক্ষয়ক্ষতি কমানো ও আগাম সর্তকতা বিষয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার তিনি উল্লেখ করেন।
‘বন্যার পূর্বাভাসে বাংলাদেশে রিমোট সেনসিং প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএএের পরিচালক ও অধ্যাপক ড শেখ তৌহিদুল ইসলাম। তিনি ২০১৭ সালে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্মরণকালের যে ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছিল তা স্যাটেলাইট তথ্য-চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করে দেশে আকস্মিক বন্যা ও ঋতু ভিত্তিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে রিমোট সেনসিং, জিআইএস, রাডার রিমোট সেনসিং, প্রযুক্তির তথ্যসমূহ ধারণ, ব্যবহার ও সফলতার বিষয় তুলে ধরেন।
বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এই স্যাটেলাইটের তথ্যব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আরও নিখুত সিদ্ধান্ত নিতে পারবে।
কর্মশালায় সিলেট জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তাগণ এবং সাংবাদিক নেতৃবন্দসহ বিভিন্ন স্টেক হোল্ডারের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন।