প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বন্যার্তদের পাশে রয়েছে; কিন্তু বিএনপি-জামায়াতের খোঁজ নেই।
তিনি আরও বলেছেন, মানুষের কাছে বিএনপি-জামায়াতের জনপ্রিয়তা নেই বলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে না। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা থেকেও সরে থাকার ঘোষণা দেয়। অথচ দলীয় নেতাকর্মীদের আটকাতে পারে না।
জনগণের উপর আস্থা নেই, তাই বিএনপি-জামায়াত চক্র গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
শুক্রবার, ২৮ জুন (১৪ আষাঢ়) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে আব্দুল আলী লন্ডনীর বাড়িতে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ ও রহমান ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ১২টি গ্রামের ৩৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পরে একই ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের বাড়িতে প্রতিমন্ত্রী এলাকার আরও ২ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কাহার ও শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ রবের যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দছ আলী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফেরদৌস মিয়া। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আবারক আলী। সংবাদ বিজ্ঞপ্তি