বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১০ ঘণ্টা সড়ক অবরোধ করে ১০ মাস কারাভোগ বীর মুক্তিযোদ্ধা কবিরের

প্রকাশিত August 6, 2023
বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১০ ঘণ্টা সড়ক অবরোধ করে ১০ মাস কারাভোগ বীর মুক্তিযোদ্ধা কবিরের

আল আজাদ : ১৯৭৫ সাল। পনেরোই আগস্ট সকাল ৬টা। প্রতিদিনের অভ্যাস মতো রেডিও চালু করতেই কানের পর্দায় প্রচণ্ড আঘাত করলো মেজর শরিফুল হক ডালিমের কর্কশ কণ্ঠের অপ্রত্যাশিত-অবিশ্বাস্য ঘোষণা ‘…শেখ মুজিবকে হত্যা করা হয়েছে…।’ অমনি মেজাজ সপ্তমে পৌঁছে গেলো জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের। না, এটা মেনে নেওয়া যায়না। থাকা যায়না নিশ্চুপ। জ্বলে উঠতে হবে, যেভাবে জ্বলে উঠেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও দালাল-রাজাকার-আল বদরদের বিরুদ্ধে। জ্বালাতে হবে প্রতিবাদের প্রলয় শিখা। সম্বল নিজের একমাত্র বন্দুক (সিভিল গান)। তবে সাহসের অবলম্বন সিলেটের ওসমানীনগর উপজেলার (তখন ছিল বালাগঞ্জ থানা) সাদিপুর ইউনিয়নের ২২ জন বীর মুক্তিযোদ্ধা আর মুজিবভক্ত সাধারণ মানুষ। তাই হাঁক দিলেন। সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়ালেন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমরান গণী। নিজের বন্দুক নিয়ে ছুটে এলেন এলাকার সাহসী যুবক আজিজুল বক্স। দ্রুত গতিতে লোক পাঠিয়ে সবার সঙ্গে যোগাযোগও করে ফেললেন।
অল্পক্ষণের মধ্যেই সিলেট-মৌলভীবাজার সড়কের সাদিপুর ফেরিঘাটের উত্তরপারে জড়ো হয়ে গেলেন বঙ্গবন্ধু হত্যায় প্রচণ্ড ক্ষুব্ধ সাত-আটশ কিশোর-তরুণ-যুবক এমনকি শিশু এবং বৃদ্ধরাও। জড়ো হলেন বটগাছের নিচে। জোগাড় করলেন কাঠ, পাথর ইত্যাদি। একটি গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হলো সড়কে। ফেরিবোট সরিয়ে নিয়ে রাখা হলো ভাটির দিকে, যেখান থেকে নিয়ে আসা অনেকটা সময়ের ব্যাপার। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলো।
এভাবে চললো প্রায় ১০ ঘণ্টা; কিন্তু সিলেট বা অন্য কোথাও যোগাযোগের উপায় নেই। অন্যদিকে বেতারে একের পর এক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ অন্যদের আত্মসমর্পণ সূচক বক্তব্য। তবু নাওয়া-খাওয়া ভুলে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়ে গগনবিদারী স্লোগান চলতে থাকে।
এ অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সাদিপুর পৌঁছে বিপুল সংখ্যক বিডিআর জওয়ান। পৌঁছেই শুরু করে বেপরোয়া ফাঁকা গুলি। যেন হত্যার নেশায় উন্মত্ত। এমন পরিস্থিতিতে দু’টি সাধারণ বন্দুক হাতে প্রতিরোধের অর্থ অগুণতি প্রাণহানি। এটা ভেবেই শেষপর্যন্ত অবরোধ তুলে নিয়ে সরে যেতে হয়।
বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদকে সবাই চাপ দিতে থাকেন আত্মগোপনে চলে যেতে। তাই তিনি কয়েকদিন পর ঢাকায় চলে যান। উঠেন একটি হোটেল। থাকেন মাসখানেক। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ২২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ি ফিরেন; ঘরে পৌঁছামাত্র বাড়ি ঘেরাও করে ফেলে পুলিশ। পুলিশের তৎকালীন ইন্সপেক্টর ঋষিকেশ ভট্টাচার্য পূর্ব পরিচয়ের সূত্রে তার নাম ধরে পালানোর চেষ্টা না করতে তাকে হুশিয়ার করে দেন।
সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। পুলিশ কর্মকর্তার মুখোমুখি দাড়িয়ে দৃপ্তকণ্ঠে জবাব দেন, ‘আমি পালানোর মানুষ নই। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমার বাড়িতে এসেছেন-চা খান। আমাকে শুধু খাওয়া-দাওয়া করতে একটু সময় দিন।’
পুলিশ কর্মকর্তা চা খাননি। তবে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদকে কিছুটা সময় দেন। পরে তাকে নিয়ে পুলিশ বাহিনী রওয়ানা দেয় সিলেট অভিমুখে। ঘণ্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যায় কোতয়ালি থানায়। সেখানে তার সঙ্গে দেখা হয় পৌরসভার চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা এম এ সালাম ও জাসদ নেতা মকসুদ ইবনে আজিজ লামা সহ কয়েকজনের সঙ্গে। অন্যদের নাম স্মরণ করতে পারেননি।
বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদকে ২২ দিন সিলেট কোতয়ালি থানায় আটকে রাখা হয়। তবে হাজতে নয়-তাকে রাখা হয় পুলিশ ব্যারাকে। প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হতো। বারবার জানতে চাওয়া হতো, তার হাতে অস্ত্র কেমন আছে। প্রচণ্ড মানসিক চাপ দেওয়া হতো অস্ত্রের সন্ধান দিতে। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিতেন, কোনো অস্ত্র তার কাছে নেই। তবে এভাবে মানসিক নির্যাতন করা হলেও কোনো ধরনের শারীরিক নির্যাতন চালানো হয়নি। বরং সার্কেল ইন্সপেক্টর নূরুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান তার যাতে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যাপারে সবসময় খেয়াল রাখতেন।
এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ পুলিশ সুপার চিত্তরঞ্জন দাসকে অনুরোধ করেন তাকে কারাগারে পাঠিয়ে দিতে। পুলিশ সুপার যেন তাই চাইছিলেন। ফলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। হয়তো তিনি অন্য কিছু আশংকা করছিলেন। এ কারণে নিরাপত্তার কথা ভেবে দ্রুত কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রায় ১০ মাস কারাগারে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। তাকে কারামুক্ত করতে তার বাল্যবন্ধু মোস্তফা কামাল অক্লান্ত পরিশ্রম করেন।