সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন স্বদেশ দিয়েছেন বলেই বাঙালি পরিচয়ে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছি। এখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদেরকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে রূপকল্প বাস্তবায়ন করছেন।
বুধবার বিকেলে সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে জেলা শিল্পকলা একোডেমি আয়োজিত নবান্ন উৎসবের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এ কারণে আমরা অন্য যেকোন জাতির চেয়ে বেশি গর্ব করতে পারি। তবে এই গর্ব আর গৌরবের কথা নতুন প্রজন্মকে জানাতে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের বাঙালি পরিচয়কে মুছে ফেলা হয়েছিল। আমরা তা ফিরে পেয়েছি। এই পরিচয়কে সমুন্নত রাখতে আমাদেরকে সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করার প্রয়োজনে সাংস্কৃতিকবোধকে জাগিয়ে রাখতে এমন আয়োজন বারবার করতে হবে।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি মঈন উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আল আমীন।
পরে বাউল সূর্যলাল ও ফকির মাহমুদা সহ নবীন-প্রবীণ শিল্পীরা গান পরিবেশন করেন।