নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ হাজার মানুষকে খাওয়ালেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে সিলেটে এতবড় গণভোজের আয়োজন হয়নি।
সিলেট মহানগরীতে মহান দুই তাপস হজরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজারে ব্যতিক্রমী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ আয়োজন জাতীয় শোক দিবস পালনে নতুন মাত্রা যুক্ত করলো। অসহায় আর দুস্থ মানুষও জাতির পিতার শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে সম্পৃক্ত হলেন।
গণভোজ শুরু হয় দুপুর ২টায়; কিন্তু ঘণ্টা দুই আগেই মানুষের ঢল নামে দুই দরগা এলাকায়। জনস্রোত সামাল দিতে আইনশৃ্ঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হিমসিম খেতে হয়।
পবিত্র জোহরের নামাজের পর হজরত শাহজালাল (র) দরগায় মসজিদে ও আছরের নামাজের পর হজরত শাহপরান (র) দরগা মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পনেরো আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপরই দুই জায়গা একযোগে খাবার পরিবেশন শুরু হয়, যা বিকেল ৫টার দিকে শেষ হয়।
দোয়া ও গণভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও অন্যান্য নেতা।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, জাতীয় শোক দিবসে গণভোজের আয়োজন অব্যাহত থাকবে।