বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : আনোয়ারুজ্জামান

প্রকাশিত August 16, 2023
বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে কতিপয় বিপথগামী বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রগতিকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে; কিন্তু সেই চক্রান্ত দেশের অগ্রযাত্রাকে সাময়িকভাবে থামিয়ে দিলেও চিরতরে রুদ্ধ করে দিতে পারেনি। তাই বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুরে আয়োজিত দোয়া মাহফিলের শুরুতে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার উসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবার বিজয়ী করে বাংলার মেহনতি মানুষের আরও সেবা করার সুযোগ করে দিতে আনোয়ারুজ্জামান চৌধুরী আহ্বান জানান।
সিসিক মেয়র বলেন, জামাত-বিএনপি নির্বাচন নিয়ে ইতোমধ্যে টালবাহানা শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, কার্যকরী সদস্য আবদাল মিয়া, ওসমানী নগর সার্কেল এসপি আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, থানার ওসি মাসুদুল আমিন, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী হেলাল, খালিছ মিয়া, আব্দুল মালেক, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা আছাব আহমদ চৌধুরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মছব্বীর (রাঙ্গাপুরী) হুজুর। সংবাদ বিজ্ঞপ্তি