বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত March 17, 2022
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শুরু হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় পুলিশ ও স্কাউট সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
একদল বাউলের গান আর পুলিশ ব্যান্ডের তালে তালে জনতার কামরান চত্বর, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট ও নজরুল চত্বর হয়ে শোভাযাত্রাটি পৌঁঁছে মহানগরীর রিকাবীবাজারে জেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনে, যেখানে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ, মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, জেলা প্রশাসক মো মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিুকর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। এ সময় ‘জয়বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শুভ শুভ শুভদিন-জাতির পিতার জন্মদিন’ স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।