নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে জাতি উন্নয়ন ও অগ্রগতি থেকে বঞ্চিত হয়। তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নারী-পুরুষ সমানাধিকার নিয়ে শিক্ষা-দীক্ষায় অগ্রসর হয়ে আত্মনির্ভরশীল হবে।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে, তাহলে বিএনপি-জামাত চক্র দেশের সবকিছু ধ্বংশ করে দেবে।
যুব মহিলা লীগকে অতীতের ন্যায় সুসংগঠিত হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তিনি তাগিদ দেন।
কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বলেন, যুব মহিলা লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সকল দুর্যোগে মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আদিবা আঞ্জুম মিতা এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জমান চৌধুরী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুছ মুক্তি, কেন্দ্রীয় সহসভাপতি পারভীন খায়ের প্রমুখ।