ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, তার মূল বক্তব্য উপস্থাপন না করে আংশিক ও ভুলভাবে উপস্থাপন করে জনসাধারণের মাঝে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।
একটি বিশেষ মহলের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে ছড়ানো অপপ্রচারে তিনি প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি/২৮ মাঘ) বিকেলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নে আরিফুল হক চৌধুরী আরো জানান, তার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যকে আংশিক বা প্রেক্ষাপট ছাড়া প্রচার করা হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি মনে করেন, তার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ণ করতে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই ‘প্রোপাগান্ডা’চালানো হচ্ছে।
তিনি সিলেট-৪ আসনের নারী ভোটারদেরকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে স্বাধীনভাবে, নির্ভয়ে ও নিরাপদে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি নিজে বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিবেন।