ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে : সিসিক মেয়র

প্রকাশিত April 8, 2021
ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে : সিসিক মেয়র

নিজস্ব প্রতিবদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট সড়কের ফুটপাত হকারমুক্ত করা হয়ে হয়েছে। এর ধারাবাহিকতায় প্রত্যেকটি এলাকার ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
তিনি আরো বলেছেন, নাগরিকদের হাঁটার উপযোগী ফুটপাত নিশ্চিত করতে সিসিকের অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মদীনা মার্কেট এলাকায় বেআইনিভাবে ফুটপাত ও সরকারি জমি দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শেষে তিনি গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট এলাকার নাগরকিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান এবং সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করে রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ-পরিবেশন এবং বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সিসিকের ভ্রাম্যমাণ আদালত আরো ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে।
মহানগরীর শেখঘাট, তালতলা, রিকাবীবাজার ও মেডিক্যাল রোড এলাকায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ ছাড়াও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিল।