শাল্লা প্রতিনিধি : ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে সুনামগঞ্জের শাল্লা উপজেলার তৌহিদী জনতা আহবান জানিয়েছে।
শুক্রবার, ১৩ অক্টোবর জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ আহবান জানানো হয়।
এর আগে থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মাদরাসায়ে নূরে মদিনার মুহতামিম মাওলানা জুনায়েদ আহমেদ কাটাখালীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দামপুর আটপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল হক, থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের, জামেয়া মুস্তাফিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম আল হুসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইল মুসলমানদের প্রথম কিবলা দখলের পায়তারা করছে। ফিলিস্তিনি জনগণের এ দুঃসময়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানো উচিত।
তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
তারা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমর্থন জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।