নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী নেতা। যেমনি বর্তমান নিয়ে কাজ করেন তেমনি দূর ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তার চিন্তা-ভাবনায় কেবলই মাটি ও মানুষ। এ কারণেই বিশ্ব নেতৃত্ব তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকে।
বুধবার দুপুরে সিলেটে সদর ও জকিগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন ও কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য, সহায়তা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা সৈয়দ মোদাচ্ছের আলী। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা এস এম শাহরিয়ার। সঞ্চালনায় ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা জন্মেজয় দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সদস্য ড আহমদ আল কবির, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা নাহিদ ফেরদৌসী, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরণ মিয়া, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো রায়হান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গ্রামাঞ্চলে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেন, যাতে সাধারণ মানুষ বিনামূল্যে সাধারণ রোগব্যাধির চিকিৎসা নিতে এবং ৩০ ধরনের ঔষধ পেতে পারে; কিন্তু ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়।
এভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করাকে তিনি বিশ্বে একটি নিকৃষ্ট উদাহরণ বলে তিনি আখ্যায়িত করেন।
পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের কমিউনিটি ক্লিনিককে বিশ্বে অনন্য উল্লেখ করে বলেন, অন্যান্য দেশ এখন পর্যন্ত সাধারণ মানুষের সহজে চিকিৎসা প্রাপ্তির এমন সুযোগ তৈরি করে দিতে পারেনি।
বিশেষ অতিথি অধ্যাপক ডা সৈয়দ মোদাচ্ছের আলী জানান, দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বেড়ে সাড়ে ১৬ হাজারে পৌঁছেছে। বৃদ্ধি পেয়েছে সুযোগ-সুবিধা। পররাষ্ট্র মন্ত্রীর চাহিদা অনুসারে সিলেটে আরও ৭টি চালু হচ্ছে। এছাড়া আগামী এক বছরে হবে আরও ৭টি। চা বাগানেও পর্যাপ্ত কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে ও সিলেট-১ আসনে ড এ কে আব্দুল মোমেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচানে বিজয়ী করতে তিনি আহবান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা লুৎফুন্নাহার জেসমিন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আ র ম রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।