প্রান্তিক কিশোরীদের এইচপিভি টিকা নিশ্চিত করতে হবে : অ্যাডভোকেসি সভায় বিভাগীয় কমিশনার

প্রকাশিত October 24, 2024
প্রান্তিক কিশোরীদের এইচপিভি টিকা নিশ্চিত করতে হবে : অ্যাডভোকেসি সভায় বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, প্রান্তিক পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকাদান নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেছেন, এই টিকাদান কর্মসূচি সফল করতে সুধীসমাজ ও সরকারি কর্মকর্তাবৃন্দসহ যারা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছেন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।
‘এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্য নিয়ে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) মহানগরীর একটি হোটেলে আয়োজিত বিভাগীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা মো আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিভাগীয় আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মো জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস ও এসএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী।
অ্যাডভোকেসি সভায় অতিথিবৃন্দ বলেন, জরায়ুমুখ ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুতে দ্বিতীয়। এ ক্যাম্পেইনের সাফল্য শুধু জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধেই নয়, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে রোগটি নির্মূলে এটি একটি বড় পদক্ষেপ।
সভায় বক্তাগণ আরো বলেন, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকার বিনামূল্যে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীদের এ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকেও নিকটস্থ টিকা কেন্দ্রসমূহে এ টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণ থেকে কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়ে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিলেট বিভাগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। গত বছর প্রথম সরকারিভাবে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু ঢাকা বিভাগে এ কার্যক্রম চলে। এর ধারাবাহিকতায় এ বছর দ্বিতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ঢাকা বাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী এ টিকা নিতে পারবে। পিআইডি সিলেট