প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা হচ্ছে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত September 11, 2023
প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা হচ্ছে : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক। তাই তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তারা যাতে স্বাবলম্বী হয়ে উঠে সমাজসেবা অধিদপ্তর সেই প্রচেষ্টা চালাচ্ছে। এসডিজির লক্ষ্য পূরণে সবাইকে নিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। কাউকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
সোমবার, ১১ সেপ্টেম্বর সিলেট মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণোত্তর সহায়তা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুর রফিকের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশ সিলেট অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি স্বপন কুমার ঋষি দাস, প্রশিক্ষণার্থী সপ্তমী রানী দাস ও রিংকু বিশ্বাস।
পরে ১০০ জন প্রশিক্ষণার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয় ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি