নিজস্ব প্রতিবেদক : সিলেট সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি এবং ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেছেন, প্রয়াস স্কুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের বিকাশ ও কল্যাণে নিরলস কাজ করে যাবে।
রবিবার, ১৭ মার্চ (৩ চৈত্র) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সকাল সাড়ে ১১টায় সিলেট সেনানিবাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস স্কুলের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রয়াস স্কুলের নিজস্ব ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিওসি জানান, সমাজসেবা বিভাগের তথ্য অনুসারে, সিলেট অঞ্চলে প্রায় ৪শ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর আছে। প্রয়াস স্কুলে আপাতত ৩৩০ জনের শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে। এখানে রয়েছে কম্পিউটার ল্যাব, পাঠাগার, বিশেষ ধরনের থেরাপি, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। যেকোন পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রয়াস স্কুলে ভর্তি হতে পারবে। ইতোমধ্যে ১৮ জনকে নিয়ে একটি ভবনে অস্থায়ীভাবে শিক্ষাদান চলছে।
সিলেট সেনানিবাসের এডুকেশন ভিলেজ এলাকায় প্রয়াস স্কুলের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট সেনানিবাসের জিওসি এবং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
জিওসি পরে প্রয়াস স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
যারা এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রবাসীসহ অন্যদেরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।