ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান রেনু বলেছেন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন অভূতপূর্ব। এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে তফাৎ স্পষ্টতঃ দৃশ্যমান। দেশের এ উন্নয়ন বহির্বিশ্বে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেছেন, দেশে বিনিয়োগে প্রবাসী নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে তাদের কাছে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরতে হবে। তাদেরকে জানাতে হবে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাহলে তারা বিনিয়োগে আগ্রহী হবে।
বৃহস্পতিবার বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআইর উদ্যোগে বিবিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
বিবিসিসিআই সভাপতি বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসরত আমাদের নতুন প্রজন্ম অনেক স্মার্ট। তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় কোম্পানিতে কাজ করে। তাদেরকে বাংলাদেশের ব্যাপারে উৎসাহিত করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
তিনি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে মসলা জাতীয় পণ্য, তৈরি পোষাক, শাক-সবজি ইত্যাদির রপ্তানি বৃদ্ধির আহবান জানান।
অন্যান্য বক্তা বিবিসিসিআই ও এসসিসিআই সদস্যদের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালুকরণ, দুই চেম্বারের উদ্যোগে ইয়াং এন্ট্রিপ্রিনিয়ার্স সামিট আয়োজন, দেশের বৈদেশিক মুদ্রা সংকট কাটাতে ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রেরণ, বাংলাদেশে উন্নতমানের হাসপাতাল গড়ে তোলার জন্য প্রয়োজনে ইউকে থেকে টেকনিক্যাল সাপোর্ট প্রদান ও বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট সমূহের জন্য বাংলাদেশ থেকে মসলা রপ্তানিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। সিলেটে বিনিয়োগের ক্ষেত্র এখন অনেক। এরমধ্যে স্পেশাল ইকোনমিক জোন ও বঙ্গবন্ধু হাই-টেক পার্ক অন্যতম। প্রবাসীরা বিনিয়োগে উৎসাহী হলে সিলেটে প্রবাসীদের জন্য একটি এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলা যাবে।
তিনি জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে ২০টি প্রস্তাবনা সরকারের বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে সিলেটের অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি ত্বরান্বিত হবে।
তিনি বিবিসিসিআই ও এসসিসিআইর উদ্যোগে সিলেটে একটি আন্তর্জাতিক মানের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট ও এডভাইজার ড ওয়ালি তছর উদ্দিন এমবিই, চিফ এডভাইজার আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর জাহাঙ্গীর হক, নর্থ-ওয়েস্ট রিজিওনাল প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, প্রেস এন্ড পাবলিকেশন ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকী, ডিরেক্টর বাংলাদেশ চ্যাপ্টার ও ডিরেক্টর সিলেট চেম্বার মো হিজকিল গুলজার, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক আবু তাহের মো শোয়েব, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, সারোয়ার হোসেন ছেদু, সচিব মো গোলাম আক্তার ফারুক, বিবিসিসিআইর প্রতিনিধি নজরুল ইসলাম বাসন, মুজিবুর রহমান, সিলেট চেম্বার সদস্য সানজিদা খানম, মাহদী সালেহীন, মো জহির হোসেন, মো আব্দুর রকিব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি