প্রবাসীদের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে : রাষ্ট্রদূত মুনা

প্রকাশিত January 10, 2022
প্রবাসীদের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে : রাষ্ট্রদূত মুনা

বদরুল মনসুর, যুক্তরাজ্য : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার ওয়েবিনারে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম বলেছেন, মুক্তিযুুদ্ধে প্রবাসীদের অবদান জাতি ভুলেনি। তাই যারা একাত্তরে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছেন ।
ঐতিহাসিক ৮ জানুয়ারি মুক্ত বঙ্গবন্ধুর লন্ডনে আগমন উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত ‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডনেই প্রথম আসেন। কারণ বাংলাদেশের পর সবচেয়ে বেশি বাঙালির বসবাস তখন ব্রিটেনে। ব্রিটেন প্রবাসীদের সঙ্গে বঙ্গবন্ধুর ছিল আত্মিক যোগাযোগ। তাই তিনি লন্ডনকেই বেছে নিয়েছিলেন।
এ অনলাইন অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, সংগঠনের যুক্তরাজ্য শাখার কার্যকরী সভাপতি সৈয়দ এনামুল
ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী সবাইকে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।
যুক্তরাজ্যের ক্লার্রিজেস হোটেল থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার সম্পাদক আ স ম মাসুম বঙ্গবন্ধুর লন্ডনে আগমন, হোটেল আসা এবং সেখান থেকেই বিশ্ববাসীর প্রতি তার প্রথম সংবাদ সম্মেলনের তথ্য তুলে ধরেন।
আরও বক্তব্য রাখেন, বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক হাবিব রহমান, মাহমুদ এ রউফ, আয়োজক সংগঠনের সহসভাপতি নিলুফা ইয়াসমিন হাসান ও বিলেতে মুক্তিযুদ্ধের গবেষক ফারুক আহমেদ।
এছাড়া চলচ্চিত্রকার মকবুল চৌধুরী বিলেতে মুক্তিযুদ্ধ নিয়ে তার প্রামাণ্যচিত্র ‘নট এ পেনি, নট এ গান’ এর অংশবিশেষ দেখান ও এর পটভুমি বর্ণনা করেন।
ওয়েবিনারের শুরুতেই কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি ও শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরীর ‘একাত্তরের স্মৃতিকথা’ থেকে পাঠ করেন প্রথিতযশা বাচিকশিল্পী মুনিরা পারভীন। কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতা আবৃত্তি করেন, বিলেতের আরেকজন শীর্ষ আবৃত্তিকার শাহাব আহমেদ বাচ্চু। নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী নাফিস জয় শোনান কালজয়ী দেশাত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা.. ‘।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য ওয়েলসের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অন্যান্য নেতৃবৃন্দ যোগদান করেন।