নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার আজীবনের লালিত স্বপ্ন রূপায়নে ঘোষণা করেছিলেন `বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’
এই সাহসী উচ্চারণের সার্থকতায় শুরু হয় দেশের গৃহহীন পরিবারগুলোকে গৃহ আর ভূমিহীন পরিবারগুলোকে ভূমিসহ গৃহ উপহার দেওয়া, যা ইতোমধ্যে বিশ্বব্যাপী ‘শেখ হাসিনা মডেল’ হিসেবে সুখ্যাতি পেয়েছে এবং অনুসরণীয় হয়ে গেছে।
প্রবাসী অধ্যুষিত দাবিদার হলেও সিলেটে গৃহহীন-ভূমিহীন পরিবারের সংখ্যা একেবারে কম নয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ৫ হাজার ৫৬৩টি। তবে অনুসন্ধান এখনও শেষ হয়নি। ফলে সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েই গেছে।
এদিকে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতোমধ্যে সিলেটের গৃহহীন-ভূমিহীন ৪ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়ে গেছে। আগামীকাল বুধবার, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৬০৬টি পরিবারকে জমিসহ ঘর উপহার দেবেন। এর মধ্য দিয়ে জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হবে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি আরও অবহিত করেন, এ বছরের জুন মাস নাগাদ আরও ৭ উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৩ সালের শেষ নাগাদ সিলেট জেলাকে সম্পূর্ণ গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা যাবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী কাল সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে জমিসসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। এ লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে।
উল্লেখ্য, নওয়াগাঁওয়ে ১০০টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আত্মকর্মসংস্থান সহ সবধরনের সুযোগ-সুবিধা সম্বলিত দুই কক্ষের পাকা ঘরের মালিক হচ্ছে। পাচ্ছে দুই শতক করে জমির মালিকানাও। এ আশ্রয়ণ প্রকল্পের কাঁচা রাস্তাটি আধাপাকা হয়ে গেছে। পরবর্তী সময়ে পাকা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।