প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে দেশ : সিসিক মেয়র

প্রকাশিত February 27, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে দেশ : সিসিক মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকারের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে দেশ। তিনটি মানদণ্ড পূরণ করে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে।
তিনি আরও বলেছেন, ‘গ্রাম হবে শহর স্লোগান’কে সামনে রেখে দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার দিবস—২০২৪ উপলক্ষে মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) সিসিকের মেলা উদ্বোধন করে মেয়র এসব কথা বলেন।
একটি নাগরিকবান্ধব, উন্নত ও স্মার্ট সিলেট গড়তে তিনি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন।
মেলায় সিসিকের বিভিন্ন বিভাগের স্টলে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।
এর আগে সকাল ১০টায় নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মতিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মাদ একলিম আবদীন, প্রধান এসেসর মো আব্দুল বাছিত ও লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ। সংবাদ বিজ্ঞপ্তি