নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি (২ মাঘ) সিলেটে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, পিপিএম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড রমা বিজয় সরকার, সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্র্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু একজন সত্যিকারের রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ ছাড়া কোন উন্নয়ন হয় না।
মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
না চাইতেই প্রধানমন্ত্রী যে দায়িত্ব তাকে দিয়েছেন তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকার কথাও জানান। একই সঙ্গে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
তিনি প্রবাসে গমন ইচ্ছুকদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা না থাকলে বিদেশে ভাল মজুরিতে কাজ পাওয়া যায় না। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে।
প্রতিমন্ত্রী সমৃদ্ধ-উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সূত্র পিআইডি সিলেট