প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সে কথা বলবেন ৪ জেলার চা শ্রমিকদের সঙ্গে

প্রকাশিত September 3, 2022
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সে কথা বলবেন ৪ জেলার চা শ্রমিকদের সঙ্গে

হেনা মমো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার, ৩ সেপ্টেম্বর চা বাগান সমৃদ্ধ সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
বিকেল ৪টয় মহানগরীর লাক্কাতুরা গলফ মাঠে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী যুক্ত হবেন গণভবন থেকে। ধারণা করা হচ্ছে, চা জনগোষ্ঠীর কয়েক হাজার নারী-পুরুষ এতে অংশ নেবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সন্তানের দাবি নিয়ে চায়ের জগতের অপরিহার্য জনগোষ্ঠী চা শ্রমিকরা তাদের মা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন ১৯ দিনের আন্দোলনকালে। প্রধানমনন্ত্রী তাদেরকে সেই সুযোগ দিচ্ছেন। এর আগে বঙ্গবন্ধু ছাড়া রাষ্ট্রের কোন কর্ণধারের কাছে তারা নিজেদের জীবনকথা তুলে ধরার সুযোগ পাননি। তাই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা বাগানগুলোতে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দেশের চা শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে তাদের দৈনিক মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠী থেকে দাবি উঠে, তাদের বিশ্বাসের একমাত্র জায়গা ‘শেখ মুজিবের মেয়ের সঙ্গে কথা বলার।’ তারা ঘোষণা করেন, ‘তাদের মা শেখ হাসিনা যা দিবেন তাতেই তারা সন্তুষ্ট হয়ে কাজে ফিরে যাবেন।’
প্রধানমন্ত্রীও তাদেরকে আশ্বস্ত করেন। তিনি চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করে দেন। এর আগে কখনও একসঙ্গে দৈনিক মজুরি এতটা বৃদ্ধির নজির নেই। এর পরপরই উৎসবে মেতে উঠেন চা শ্রমিকরা। যথারীতি কাজেও যোগদান করেন।
ভিডিও কনফারেন্সে চা শ্রমিকরা নিজেদের সুখ-দুঃখের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। জানাবেন তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের হালহকিকত। তুলে ধরবেন প্রাপ্য ও প্রাপ্তির গড়মিল। বলবেন, বঙ্গবন্ধুকন্যার কাছে তারা কি আশা করেন। প্রধানমন্ত্রীও কঠোর পরিশ্রমী কিন্তু মৌলিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত এই মানুষগুলোর জীবনমান উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে চা শিল্পের আরও বিকাশের পথ উন্মোচন করবেন-এ বিশ্বাস কেবল চা জনগোষ্ঠী নয়, অন্যসব জনগোষ্ঠীও নিশ্চয় রাখতে পারে।
এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে, এই চা শ্রমিকরা তাদের দরদী বলে একজনকেই স্মরণ করেন আর তিনি হলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধুকন্যার কাছে তাদের প্রত্যাশা বেশি হওয়াটা মোটেই অস্বাভাবিক নয়।