নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষুকে ভয় করেন না। বঙ্গবন্ধুর মতো তিনিও দেশের জনগণের উপর আস্থাশীল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি (২ মাঘ) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে প্রবাসীদের উদ্যোগে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত অনেক ষড়যন্ত্র করেছে; কিন্তু তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ ৭ তারিখের নির্বাচনে ভোট দিয়েছে-উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।
শফিকুর রহমান চৌধুরী বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো আনহার মিয়ার সভাপতিত্বে ও তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা শাকির আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পীর মজনু মিয়া, শাহেদ আহমদ মূছা, মতচ্ছির আলী, আখলাকুর রহমান ও ওয়ালি উল্যা বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য প্রবাসী মজনু মিয়া, হারুন মিয়া, সাদ মিয়া, মখলিছ মিয়া, সুরমান আলী, সাজান আলী ও আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ।
প্রবাসীরা দেশে সবধরনের হয়রানি বন্ধ, বিমান ভাড়া কমানো এবং বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া সহজীকরণের দাবি জানান।