প্রধানমন্ত্রী ঘর উপহার দিচ্ছেন দেশের আরও ২৬ হাজার পরিবারকে

প্রকাশিত July 21, 2022
প্রধানমন্ত্রী ঘর উপহার দিচ্ছেন দেশের আরও ২৬ হাজার পরিবারকে

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে দেশের ভূমিহীন-গৃহহীন সকল মানুষকে ঘর উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সারাদেশে আরও ২৬ হাজার ২২৯টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে।
সকাল ১০টায় বারান্দা, রান্নাঘর, বাথরুম ও অন্যান্য সুবিধাসহ আগের চেয়ে উন্নতমানের দুই কক্ষের এই ঘরগুলো ‌‌‘ক’ তালিকাভুক্তদের কাছে হস্তান্তরের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দুটি জেলা ও ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেটের ৫ উপজেলায় ঘর পাচ্ছে ১২৬টি পরিবার। এরমধ্য রয়েছে, সিলেট সদরে ২৬টি, গোয়াইনঘাটে ৪০টি, কোম্পানীগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জে ২৯টি ও জৈন্তুাপুরে ১৬টি।
তিনি জানান, এই পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ঘরের সংখ্যা ১ হাজার ২৬৬। এর মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে ৬৪০টির। নির্মাণাধীন ৬২৬টি। ভয়াবহ বন্যার কারণে নির্মাণকাজ ব্যাহত হওয়ায় আপাতত ১২৬টি ঘর হস্তান্তর করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে আরও ৩২০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।
ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরকে সামনে রেখে জেলা প্রশাসক মো মজিবর রহমান মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, রেভিনিউ ডেপুটি কালেক্টর আফসানা তাসনিম ও সহকারী কমিশনার আহসানুল আলম।