বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের ৮০ বছর বয়সী তছকির মিয়া এক সময় ছিলেন দিনমজুর; কিন্তু বয়সের ভারে কাজ না পেতে পেতে এক পর্যায়ে সাত জনের সংসার চালাতে বাধ্য হয়েই প্রায় ২০ বছর আগে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন। এখন আবার আর আগের মতো ভিক্ষার জন্যও বের হতে পারেননা।
রাজনগর ইউনিয়নের উত্তর গড়গাঁও গ্রামের পঞ্চাশোর্ধ লালমতি বিবিরও একই অবস্থা। প্রায় ১০ বছর আগে স্বামী হারানোর পর ভিক্ষাবৃত্তি শুরু করেন। পাঁচ মেয়ে। এর মধ্যে দুজনকে বিয়ে দিয়েছেন; কিন্তু এখন আর পা চলেনা।
টেংরা ইউনিয়নের মখলিছ মিয়ার বয়স ৭০। পথে পথে এর কাছে ওর কাছে হাত পেতে পেতে প্রায় ১৫ বছর পার করেছেন।
ভিক্ষাবৃত্তির মতো কঠিন আর তুচ্ছ-তাচ্ছিলের পথ বেছে নেওয়া ১১ জনের সেই দিন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে তারা এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাইছেন। তাদের নতুন স্বপ্ন সচ্ছল জীবনের। মাথা উঁচু করে দাঁড়াতে প্রত্যয়ী এই মানুষগুলোর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে ১১টি ভ্যানগাড়ি, দোকানের জন্য মালামাল ও মাথাপিছু নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
রাজনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এক যৌথ অনুষ্ঠানে ১১ জনের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, টেংরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু খান, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা।