নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার, ১৩ নভেম্বর সকালে রাজধানীতে গণভবনে এ সাক্ষাতকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
সিসিক মেয়রের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সাক্ষাতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি শুভেচ্ছা জানান।
সিসিক মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনেই একনেক সভায় সিলেট মহানগরীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেওয়ায় নাগরিকদের পক্ষ থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সরকার ও সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে ‘নৌকা’র প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক বলে আবারও উল্লেখ করেন।
তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি