প্রধানমন্ত্রীর মুখে আশ্বাস শুনতে চান চা শ্রমিকরা || বিশ্বাস করেননা মধ্যস্থতাকারীদের

প্রকাশিত August 24, 2022
প্রধানমন্ত্রীর মুখে আশ্বাস শুনতে চান চা শ্রমিকরা || বিশ্বাস করেননা মধ্যস্থতাকারীদের

এসএম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জের ২৪টি চা বাগানের চা শ্রমিকরা আন্দোলনের টানা ১৬ দিন পার করলেন। দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে বুধবারও প্রতিটি চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এদিকে দফায় দফায় চেষ্টা চালিয়েও চা শ্রমিকদের কাজে ফেরানো যাচ্ছেনা। ফল হচ্ছেনা কোন আশ্বাসে। শ্রমিকদের সন্দেহ, প্রধানমন্ত্রীর নাম বলে মধ্যস্থতাকারীরা তাদের সঙ্গে প্রতারণা করছেন। বঙ্গবন্ধুকন্যা ভিডিও বার্তায় তাদেরকে আশ্বাস দিলেই তারা কাজে যোগ দেবেন।
দাড়াগাঁও চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, তাদেরকে মঙ্গলবার শ্রীমঙ্গলে লেভার হাউজে ডাকা হয়েছিল। সেখানে তারা জানিয়ে এসেছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আর রাস্তা অবরোধ না করে নিজ নিজ বাগানে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাবেন।
তিনি বলেন, আন্দোলন এখন আর নেতাদের হাতে নেই। নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন সাধারণ চা শ্রমিকরা। তারা মনে করছেন, প্রধানমন্ত্রী নিজে সরাসরি বা ভিডিও বার্তায় কিছু বলেননি। তাদের সন্দেহ, সররকার প্রধানের নাম ব্যবহার করে হয়তো কেউ প্রতারণা করছেন। বঙ্গবন্ধুকন্যা নিজে আশ্বাস দিলে তারা ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দেবেন।