নিজস্ব প্রতিবেদক : আবাদযোগ্য কোনো জায়গা পতিত না রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট মাছ চাষে সাফল্য অর্জন করেছে।
প্রধানমন্ত্রীর নির্দশনা অনুসারে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম সিলেট মহানগরীর উপকণ্ঠে লালাবাজারে ৭ এপিবিএন সিলেটের সদর দপ্তরে এতদিন পতিত থাকা ৫টি পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন। এর পরিপ্রেক্ষিতে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ৩০ প্রজাতির মাছ চাষ করা হয়। এর মধ্যে বিলুপ্ত প্রায় মাছও আছে।
বৃহস্পতিবার, ২ নভেম্বর অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে এসব পুকুরে সারাদিন বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়।
ধৃত মাছের মধ্যে রয়েছে চিতল, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, পাঙ্গাশ, কার্ফু, বড় পুটি, শোল, টাকি, কৈ, শিং, মাগুর, পুটি, টেংরা ও মলা।
এ সময় ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক সকল অফিসার ও ফোর্সকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী নিজ নিজ বাড়ির পুকুরে মাছ চাষ ও ঘরের আঙ্গিনায় বা পতিত জায়গায় সবজি ও ফলমূল চাষ করতে উৎসাহিত করে বলেন, এতে যেমনি বিশুদ্ধ তরতাজা মাছ ও সবজি পাওয়া যাবে তেমনি আর্থিক সাশ্রয়ও হবে।
এ সময় সহকারী পুলিশ সুপার মো আসাবুর রহমান ও পুলিশ পরিদর্শক মো দুলাল মিয়াসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। সূত্র তথ্য বিবরণী