প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট : শফিক চৌধুরী

প্রকাশিত May 22, 2024
প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট : শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের হজ্ব যাত্রীদের সকল কার্যক্রম সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ্ব ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার, ২২ মে (৮ জ্যৈষ্ঠ) বিকাল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রতিমন্ত্রী বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, কোন হজ্বযাত্রী যেন প্রতারিত না হন সেজন্যে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। কেউ প্রতারণামূলক কোনও কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে ও কর্মকর্তা রওশন হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম, হাব সিলেট জোনের সভাপতি জহিরুল কবীর চৌধুরী শিরু ও আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে।
বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি মোট ৫টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী ৪টি ফ্লাইট যাবে সিলেট থেকে জেদ্দা। এই ৫টি ফ্লাইটে সবমিলিয়ে ২ হাজার ৯৫ জন হজ্বযাত্রী পরিবহন করা হবে।