প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জের চা বাগানগুলোতে চা শ্রমিকদের আনন্দ মিছিল

প্রকাশিত August 28, 2022
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জের চা বাগানগুলোতে চা শ্রমিকদের আনন্দ মিছিল

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : আন্দোলনের সফলতায় হবিগঞ্জের ২৪টি চা বাগানে আনন্দ মিছিল হয়েছে। চা শ্রমিকরা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নারী-পুুরুষ-শিশু মিলে নেচে গেয়ে বঙ্গবন্ধুকন্যার নামে জয়ধ্বনিও দিয়েছেন।
রবিবার সকাল থেকেই চা শ্রমিকরা দারাগাঁও, চান্দপুর, ফয়জাবাদ ও রশিদপুরসহ বিভিন্ন চা বাগানে জড়ো হতে থাকেন। দুপুরে মিছিল করেন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় কাজে যোগ দিতে হয়নি। তবে সোমবার থেকে পুরোদমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অবশ্য রবিবার ছুটির দিনে কাজ না করলেও প্রধানমন্ত্রীর সম্মানার্থে ফয়জাবাদসহ কয়েকটি চা বাগানে কিছু সময়ের জন্য চা শ্রমিকরা কাজে যোগ দেন।
দারাগাঁও চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, মজুরি সমস্যার অবসান করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল হয়েছে। কারণ শ্রমিকরা খুব খুশি। সোমবার থেকে সবাই পুরোদমে কাজে যোগ দেবেন।
রশিদপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা বলেন, সোমবার থেকে কাজে যোগদানের সিদ্ধান্ত হয়েছে। রবিবার ছিল আনন্দ প্রকাশের দিন। চা শ্রমিকরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছেন।