‘প্রত্যয়’ স্কিম বাতিল দাবিতে সিকৃবির শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি অবস্থান ও মৌন মিছিল

প্রকাশিত June 4, 2024
‘প্রত্যয়’ স্কিম বাতিল দাবিতে সিকৃবির শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি অবস্থান ও মৌন মিছিল

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার, ৪ জুন (২১ জ্যৈষ্ঠ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব কর্মসূচিপালন করা হয়।
কর্মবিরতি পালন করে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে অবস্থানকালে সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড ছফি উল্লাহ ভূইয়া বলেন, ‘প্রত্যয়’ স্কিম জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। মেধাশূন্য জাতিকে দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। এ স্কিম বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাবে এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
এদিকে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা আফরাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অফিসার পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা বৈষম্যমূলক। এ ধরনের বৈষম্য বাংলাদেশের সংবিধানের মুল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ’প্রত্যয়’ স্কিমটি নামে সর্বজনীন হলেও আসলে সর্বজনীন নয়। গুরুত্বপূর্ণ ৩টি প্রতিষ্ঠান সামরিক, বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে এই স্কিমকে সর্বজনীন বলার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য যে ‘প্রত্যয়’ স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করবে। এ স্কিমের ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না।
অফিসার পরিষদের সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া বলেন, প্রধানমন্ত্রী যখন সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করেন তখন ‘প্রত্যয়’ স্কিম ছিল না। গত ১৩ মার্চ অর্থমন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে সর্বজনীন পেনশন স্কিমের অর্ন্তভুক্ত করা হয়। ফলে ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যারা যোগদান করবেন তারা বাধ্যতামূলক ভাবে ’প্রত্যয়’ পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন। ফলশ্রুতিতে আগামী ১ জুলাই ও এর পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সংবাদ বিজ্ঞপ্তি