প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত April 8, 2024
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাদেরকে বাদ রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবেনা; কিন্তু তারা এখনও সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া ও দরিদ্র। তাদেরকে এগিয়ে আনতে হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার, ৮ এপ্রিল (২৫ চৈত্র) বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের উদ্যোগে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সবার নৈতিক দায়িত্ব প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। তাদেরকে শিক্ষিত ও নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। জীবনমান উন্নয়নে প্রবাসীরাও অবদান রাখছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে, যাতে তারা আর পিছনে পড়ে না থাকে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদ ও সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাবেক সিভিল সার্জন ডা ফয়েজ আহমদ, বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি সোলেমান আহমদ, সমাজসেবক ও শিক্ষক বকুল আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী প্রমুখ।