প্রতিবন্ধীদরেকে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রকাশিত December 4, 2023
প্রতিবন্ধীদরেকে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, প্রতিবন্ধীদেরকে সামনের দিকে এগিয়ে নিতে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে, যাতে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।
তিনি আরও বলেছেন, সমাজের সকল অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রবিবার, ৩ ডিসেম্বর সকালে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিটি কর্পোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, উপ পুলিশ কমিশনার মো আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো আব্দুর রফিক।
প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে দেবজিৎ সিংহ বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান দেয়। এ খাতে বরাদ্দ এবং উপকারভোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি উল্লেখ করেন., সিলেটে ৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ও প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান রয়েছে।
আগামীতে এসব সেবাদান কার্যক্রম ও অনুদানের পরিমাণ আরও বৃদ্ধি পাবে আশা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা যেন বঞ্চনার শিকার না হয়, সমাজে বোঝা বা হেয় প্রতিপন্ন না হয়, সেই সমতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তাদেরকে সুযোগ করে দিতে হবে।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তথ্য বিবরণী