প্রতিবছর নতুন জনশক্তি বাড়ছে ২ লাখ || নিশ্চিত করতে হবে নিরাপদ অভিবাসন

প্রকাশিত June 6, 2022
প্রতিবছর নতুন জনশক্তি বাড়ছে ২ লাখ || নিশ্চিত করতে হবে নিরাপদ অভিবাসন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ২০ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি জনশক্তি হিসেবে যুক্ত হচ্ছে। এটা আশাব্যঞ্জক; কিন্তু দেশে এত বড় সংখ্যার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। তাই বিদেশে জনশক্তি রফতানির সুযোগ রাখা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইওএম-বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘প্রত্যাশা’ প্রকল্প আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ’ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে বিদেশে পাড়ি জমায়; কিন্তু সেই প্রবাস যাত্রা নিরাপদ হয়না। অনেকে দালালের খপ্পড়ে পড়ে সর্বস্বান্ত হয়। আবার অনেকে অবৈধপথে এমনকি সমুদ্রপথে নৌকায় পাড়ি জমাতে গিয়ে অকাল মৃত্যুর শিকার হচ্ছে। অথচ সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে অল্পখরচে প্রত্যাশিত অর্থ উপার্জনে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। এতে কোন ঝুঁকিও নেই। তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অদক্ষ জনশক্তির অবৈধপথে বিদেশে যাওয়া, দক্ষতার অভাবে সম্মানজনক পেশায় যুক্ত হতে না পারা এবং বৈধপথে দেশে অর্থ না পাঠানোতে দেশের মর্যাদা ক্ষুন্ন হয়।
যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা অর্থনীতি, রাজনীতি ও শাসন ব্যবস্থায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছেন-উল্লেখ করে জেলা প্রশাসক এ বিষয়টি মাথায় রেখে বিদেশের মাটিতে আত্মমর্যাদা সম্পন্ন পেশায় যুক্ত হওয়ার মতো দক্ষতা নিয়ে বৈধভাবে প্রবাসে যাওয়ার আহবান জানান।
তিনি বলেন, এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে বেসরকারি সংস্থা ব্র্যাক গুরুত্বপূর্ণ আবদান রাখছে।
সংলাপে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়া আইওএম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়ীদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক হুববুন নেছা তাছমিন, প্রবাস ফেরৎ নাগরিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।