প্রতারণা ও জালিয়াতি মডেল বাংলাদেশে ই-কমার্স খাতের বিকাশে বাধা : ড জহিরুল হক

প্রকাশিত October 10, 2023
প্রতারণা ও জালিয়াতি মডেল বাংলাদেশে ই-কমার্স খাতের বিকাশে বাধা : ড জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাত হলো ই-কমার্স। দিন দিন ই-কমার্স খাতের সমৃদ্ধি ঘটছে। ২০২৩ সাল নাগাদ বাংলাদেশে ই-কমার্স খাতের আকার ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
তিনি আরও বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। তাই আমাদের ব্যবসা-বাণিজ্য খাতও স্মার্ট হতে হবে। সরকারের অনেক উদ্যোগ ই-কমার্স খাতের বিকাশে সহায়ক ভূমিকা পালন করলেও কতিপয় দুর্বল, প্রতারণা ও জালিয়াতভিত্তিক ব্যবসা এ খাতের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’
মঙ্গলবার, ১০ অক্টোবর দুপুর ২টায় প্রফেসর এম হাবিবুর রহমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ই-বিজনেস ক্লাব-এমইউইসির উদ্যোগে ‘ইউজিং সোস্যাল মিডিয়া ফর এডুকেশন এন্ড ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালার সমাপন এবং সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান অনলাইনে ব্যবসা করে। এর মধ্যে হাতেগোণা কিছু প্রতিষ্ঠান জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত। সকলকে মনে রাখতে হবে, ই-কমার্স খাতের সমস্যার অর্থ হলো পুরো অর্থনীতির সমস্যা।
এমইউইসির প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক উম্মে সায়মার সভাপতিত্বে এবং শ্রীরাধা দাশ কৃপা ও দুর্জয় বণিক অর্পণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড তাহের বিল্লাল খলিফা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের ট্রেজারার উম্মে সাহেরা আনিকা, এমইউইসির এক্সটার্নাল এডভাইজার আর্জিনা হক সেবতি ও নারী উদ্যোক্তা আইরিন আক্তার রিতা।
কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি