নিজস্ব প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিকদের কল্যাণ সাধনে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেছেন, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে পিআইবি কাজ করছে। নিয়মিত আয়োজন করছে প্রশিক্ষণের। এর অংশ হিসেবে সিলেটে এক নাগাড়ে ৪টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচেছ।
শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে মহানগরীতে কর্মরত ৩০ জন সাংবাদিককে নিয়ে পিআইবি আয়োজিত দু দিনব্যাপী ‘সিআরসি, সিডো ও মীনা বিষয়ক প্রশিক্ষণ’ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
পিআইবি মহাপরিচালক উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্রণী ভূমিকা রাখেন।
তিনি বলেন, সাংবাদিক সমাজ যদি কর্মক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় না দেয় তাহল দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়।
সনদ বিতরণ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইবির পরিচালক-অধ্যায়ন, প্রশিক্ষণ ও প্রশাসন মোহাম্মদ আফরাজুর রহমান, উপপরিচালক মো জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
উল্লেখ্য, পিআইবির উদ্যোগে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। পরে সনদপত্র বিতরণ করেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিআইবির পরিচালক-অধ্যায়ন, প্রশিক্ষণ ও প্রশাসন মোহাম্মদ আফরাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সঝঞ্চালনায় ছিলেন, পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক বারেক কায়সার। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো ইনচার্জ মঞ্জুর আহমদ, দৈনিক সবুজ সিলেটের জ্যেষ্ঠ প্রতিবেদক সুবর্ণা হামিদ ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো আব্দুল মতিন।
বৃহস্পতিবার থেকে একই জায়গায় শুরু হয় তিন দিনব্যাপী মোবাইল জানালিজম বিষয়ে প্রশিক্ষণ। এতেও জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। শনিবার দুপুর ২টায় সনদ বিতরণ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এদিকে শনিবার ইমজা কার্যালয়ে অনুষ্ঠিত হবে সম্পাদকদের নিয়ে নারী ও শিশু বিষয়ক লেখালেখি নিয়ে একদিনের প্রশিক্ষণ। এতে সিলেট বিভাগের ৩৫ জন সম্পাদক ও নির্বাহী সম্পাদকের অংশ নেওয়ার কথা রয়েছে।