নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায় নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ নির্মাণ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার, ২১ জানুয়ারি (৭ পৌষ) বিকেল ৪টা দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে পাম্পের শ্রমিকরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
অগ্নিকাণ্ডে পেট্রোল পাম্পের পাশে ড্রেন নির্মাণে কর্মরত সিলেট সিটি করপোরেশন নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এম এন ইয়াকুব কনস্ট্রাকশনের শ্রমিক ঘাসিটুলা বেতেরবাজার এলাকার মো মন্তাজ মিয়া (৩৫), মো লিটন মিয়া (২৫), মো আলম মিয়া (২৩), মো মতি মিয়া (৬০) ও সুভাষ চন্দ্র দাস (৫৫) দগ্ধ হন। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সন্ধ্যা ৭টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন ।
মেয়র ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে যোগাযোগ করে প্রয়োজনে দগ্ধদের সেখানে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে সিসিকের সিইও ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের প্রফেসর ড ফরহাদ মোহাম্মদ হাওলাদার ও জালাবাদ গ্যাস লিমিটেডের জিএম (অপারেশন) ইঞ্জিনিয়ার সারওয়ার জাহান মাহমুদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি