পুলিশের রহস্য উদঘাটন || নিজের হাতে শিশুকন্যাকে খুন করে পিতা নিজের গলায় চালান দা

প্রকাশিত June 26, 2025
পুলিশের রহস্য উদঘাটন || নিজের হাতে শিশুকন্যাকে খুন করে পিতা নিজের গলায় চালান দা

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ইসলামপুর এলাকায় ৪৫ দিনের শিশু ইনায়া রহমানের হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ। হতভাগ্য শিশুটি পিতার হাতেই খুন হয়েছে।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির মিডিয়া সেল জানায়,
বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে শাহপরান (র) থানাধীন ইসলামপুর এলাকার কোরেশী ভিলা, ১৮/এ, বাজার মসজিদের পিছনে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হয় ইনায়া রহমান। সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির কন্যা। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার টংঘর গ্রামে। বাসায় আতিকুর রহমানকেও (৪০, পিতা তৈয়ব আলী) গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানায়, আতিকুর রহমানের জবানবন্দি ও তার স্ত্রীর বক্তব্য এবং অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হ‌ওয়া গেছে যে, শিশুর পিতাই তাকে বাথরুমে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান।
পুলিশের জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানান, মাথাব্যথার কারণে তার হঠাৎ কি যে হয়েছিল-বুঝতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি জব্দ করে। এ ব্যাপারে শাহপরাণ (র) থানায় হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।