নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ের আলোচিত চরিত্র ‘কনটেন্ট ক্রিয়েটর’ আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হুমকিদাতা আবু আহমদকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় মঙ্গলবার, ২৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সুদীপ দাস ও গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলামের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) গ্রামের ফয়সল বারী ওরফে সোনা মিয়ার ছেলে অভিযুক্ত আবু আহমদকে (২৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আবু আহমদ পুলিশের জিজ্ঞাসাবাদে হিরো আলমকে হুমকি দেওয়ার কথা স্বীকার করে।
অভিযানকালে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও হুমকি দেওয়ায় ব্যবহৃত সিমটি জব্দ করা হয়।
অভিযুক্ত আবু আহমদ গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে আছে।