নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ভিআইপি রোড। অভিজাত সড়ক। তবে সবধরনের যানই চলে। মাঝেমধ্যে সমাজের বিশেষ স্তরের বাসিন্দা-এই যেমন দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষস্থানীয় আমলা ও ভিনদেশের রাষ্ট্রদূতরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত যাতায়াত করেন। আসলে নামকরণ এ কারণেই। তবে যতই বিশেষত্ব থাকুক না কেন যানজট কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে আছে।
অবশ্য গত দুদিন ধরে ভিআইপি রোডে যানজট নেই। এর বদলে জনজট লেগে আছে সকাল থেকে গভীররাত পর্যন্ত। দুপাশে আর মধ্যখানে ব্যানার-ফেস্টুনের গায়ে গায়ে এত মাখামাখি যে, ফাঁক গলিয়ে অপর পাশের কিছুই দেখার উপায় নেই। মাথার উপরেও ঝুলছে বিরাট-বিশাল ব্যানার-পারলে আকাশ ছোঁয়। চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার পর্যন্ত চিরচেনা রূপ একেবারে পাল্টে গেছে।
মহানগরীতে তুলনামূলক প্রশস্ততায় শীর্ষে থাকা সড়কটিতে জনজটের উপলক্ষ্য উত্তরপাশে সরকারি আলিয়া মাদরাসা ময়দানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ। নির্ধারিত দিন-ক্ষণ শনিবার দুপুর ১২টা। অথচ বৃহস্পতিবার থেকে সমাবেশস্থল পূর্ণ হতে শুরু করে নেতা-কর্মী-সমর্থকে। না, অভিজাত শ্রেণির কেউ নেই বললেই চলে। নেই নাগরিক সমাজের কেউও। সবাই গ্রাম-গঞ্জ থেকে ছুটে আসা সাধারণ মানুষ। এসেছেন সড়কপথে, রেলপথে এমনকি নৌপথেও। আগেই আশংকা করা হয়েছিল পরিবহন ধর্মঘটের। দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ডাক। যুক্তিরতো শেষ নেই। তবে শুক্রবারে এমন কর্মসূচি কেন-এ প্রশ্ন নিশচয়ই উঠতে পারে। এভাবে অহেতুক বাড়াবাড়ির কারণেই আন্দোলন-সংগ্রামের অব্যর্থ অস্ত্রগুলো একে একে ভোতা হয়ে যাচ্ছে। বিএনপি তো নিজেই হরতালকে কবর দিয়ে দিলো।
শুক্রবার সন্ধ্যার আগেই সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে জায়গা না পেয়ে আশেপাশে ঘুরাফেরা করতে শুরু করেন। কারও কারও গায়ে গণসমাবেশ কেন্দ্রীক স্লোগান সম্বলিত টি-শার্ট কিংবা মাথায় টুপি। পথে-ফুটপাতে প্রচণ্ড ভিড়। এই সুযোগে চা-বিস্কুটের বেশ কিছু অস্থায়ী দোকানও বসে গেছে। বেচাকেনা মন্দ নয়।
অন্যদিকে সভাস্থলে চলছে দলীয় গান আর মুহুর্মুহু স্লোগান। মাঝে মধ্যে কেন্দ্রীয় নেতারাসহ আসছেন স্থানীয় নেতৃবৃন্দ। অমনি নেতৃবৃন্দকে ঘিরে জমে উঠছে নেতা-কর্মী-সমর্থকদের ভিড়। চারদিক প্রকম্পিত হচ্ছে উচ্ছ্বাসে-উল্লাসে। খাওয়া-দাওয়াও চলছে।
অনেক বছর পর বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা যেন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন। কথা বলতে পারছেন উচ্চকণ্ঠে। প্রাণচাঞ্চল্য বলতে যা বুঝায় সবটাই বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ফিরে এসেছে-এটা বলতেই হবে।
সকল প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও চলে এসেছেন। রাত পোহালেই বিএনপির নগরবাসী নেতা, কর্মী ও সমর্থকরা ছুটবেন সরকারি আলিয়া মাদরাসা মাঠে। আগামীদিনের দিক-নির্দেশনা পাবেন গণসমাবেশ থেকে-এ আশা নিয়েই সেখানে যাবেন।