পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সিলেট চেম্বার মিলনায়তনে এসসিসিআইর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর জনগণ ও পরিবেশের স্বার্থে কাজ করে। এই সরকারি দপ্তরটি কখনোই ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। সরকারের অনুসৃত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান সমূহের জন্য পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে হয়। সম্প্রতি যেসব ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়েছে তা মোটেও উদ্দেশ্য প্রণোদিত নয় বরং সরকারের নীতিমালা প্রতিপালনের জন্য করা হয়েছে। বর্তমান সরকার সকল ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোন প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের লাইসেন্স পাবেন না। আরো নানা রকম অসুবিধার সম্মুখীন হবে।
তিনি সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র গ্রহণের আহবান জানান।
অন্যদিকে এসসিসিআই ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের নোটিশ ছাড়া পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন ও ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অথচ এসব প্রতিষ্ঠান চলছে বিগত পঁচিশ-ত্রিশ বছর যাবৎ। অনেক প্রতিষ্ঠানের মালিক এখনো জানেন না যে, প্রতিষ্ঠানের জন্য পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন। ঢাকা ও চট্টগ্রাম সহ অনেক বিভাগীয় শহরে এখনো এরকম জরিমানা আরোপের ঘটনা ঘটেনি। তাই সিলেটের মতো জায়গায় ব্যবসায়ীদেরকে এভাবে হয়রানি করা মোটেও সমীচীন নয়।
তারা আরোপিত জরিমানা প্রত্যাহার করে ব্যবসায়ীদেরকে সহজ শর্তে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের সময় দেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, করোনাকালীন ভয়াবহ পরিস্থিতিতে সারা পৃথিবীর ব্যবসা-বাণিজ্য যেখানে মুখ থুবড়ে পড়েছে, অনেক দেশে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশে ব্যবসায়ীদেরকে জরিমানা করা অত্যন্ত অমানবিক। করোনার কারণে প্রায় পাঁচ মাস দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু হয়েছে; কিন্তু ব্যবসা-বাণিজ্য এখনো আগের অবস্থায় ফিরতে পারেনি। এছাড়া ব্যবসায়ীদেরকে ব্যবসা পরিচালনার জন্য সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ভ্যাট, আয়কর ও পরিবেশ অধিদপ্তর সহ প্রায় ১৩ ধরনের লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করতে হয়। তারউপর ব্যবসায়ীদের এরকম হয়রানি করা মোটেও কাম্য নয়।
তিনি বিষয়গুলো সুন্দরভাবে সুরাহা করা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের লক্ষ্যে ব্যবসায়ীদেরকে সময় প্রদানের জন্য বিভাগীয় পরিচালককে অনুরোধ জানান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি স্টেশন ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মো দিলওয়ার হোসেন, বাংলাদেশ ব্রিক্স মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুল আহাদ, পরিবেশ অধিদপ্তর, সিলেটের উপ পরিচালক মো শামসুজ্জামান সরকার, কর্মকর্তা মো মাইদুল ইসলাম, মো সানোয়ার হোসেন, নজরুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, মো নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকী, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নুরী চৌধুরী জুয়েল, সালাউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী প্রমুখ।