নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা। তারা জনগণের অবস্থান বুঝতে পেরেছে। সিলেটসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ‘নৌকা’র পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। এছাড়া অতীত কার্যকলাপের জন্যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার, ৫ মে বিকেলে সিলেট মহানগরীর একটি হোটেল মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাহাঙ্গীর কবির নানক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ‘নৌকা’ অবশ্যই জয় পাবে।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। কারণ তাদের দুঃশাসনের স্মৃতি মানুষ ভুলেনি। এ অবস্থায় নিশ্চিত পরাজয়ের ভয়ে তারা নির্বাচনে আসতে চাইছেনা। আত্মসম্মান হারানোর ভয়ে কেউ নির্বাচনে না এলে তো করার কিছু নেই।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনে মানুষের উন্নয়নের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা দিলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এটা সিলেটবাসীর দুর্ভাগ্য। তবে এবার ‘নৌকা’র জয় হবে এবং অবশ্যই সিলেটকে তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তোলা হবে।
সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে বলেও তিনি জানান।
সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, সিলেটসহ সারাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এ অবস্থায় নৌকা জিতবে-এ ব্যাপারে তিনি নিশ্চিত।
সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আবারও সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্বাধীনতার প্রতীক ‘নৌকা’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের যৌথ পরিচালনায় বৈঠকে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি