পবিত্র ঈদুল ফিতর আজ || সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগায় ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত April 21, 2023
পবিত্র ঈদুল ফিতর আজ || সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগায় ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর আজ শনিবার, ২২ এপ্রিল। এক মাস কঠোর সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করবেন। সাম্য-মৈত্রির চেতনাকে শাণিত করবেন নতুন করে। কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হবে পারস্পরিক মমত্ববোধের জয়গান। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ে তোলারও শপথ নেবেন।
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখানে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ কমপক্ষে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
তবে বৃষ্টি হলে বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে।
এদিকে শুক্রবার, ২১ এপ্রিল দুপুর আড়াইটায় শাহী ঈদগা ময়দানের পরিষ্কার-পরিচ্চন্নতা ও সংস্কার কাজ পরিদর্শন করে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নির্বিঘ্নে জামাত আদায় করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর রাশেদ আহমদ, রেজওয়ান আহমদ, এ বি এম উজ্জ্বল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ও শাহী ঈদগাহ পরিচালনা কমিটির মুরব্বিগণ।
সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুদ্দিন কাসেমী ইমামতি করবেন বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।