পদত্যাগ দাবিতে উত্তাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রকাশিত August 20, 2024
পদত্যাগ দাবিতে উত্তাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাস উত্তাল। বৈষম্য বিরোধী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন। এরপরও কেউ পদত্যাগ না করায় আন্দোলনকারীদের ক্ষোভের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরপরই অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি অভিযোগে অভিযুক্ত দেশের গণ (পাবলিক) বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, প্রক্টর, প্রভোস্ট ও বিভিন্ন প্রশাসনিক পদে থাকা শিক্ষকরা পদত্যাগ করতে শুরু করেন, যা এখনো চলছে।
সিলেটে ইতোমধ্যে পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও প্রভোস্টসহ প্রায় ৭৫ জন; কিন্তু ব্যতিক্রম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। তাই এ দুটি ক্যাম্পাসই উত্তাল হয়ে আছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আত্মগোপনে থাকা উপাচার্য প্রফেসর ডা জামাল উদ্দিন ভূঞার পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিনই মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীদের আরও অভিযোগ, আত্মগোপনে থেকে উপাচার্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছেন।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী পরিষদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আত্মগোপনে থাকা উপাচার্য প্রফেসর ডা এনায়েত হোসেন মুকুল, ট্রেজারার শাহ আলম ও রেজিস্ট্রার (এডহক) আবুল কালাম মো ফজলুর রহমানের পদত্যাগ দাবিতে। দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি আসতে পারে বলে আন্দোলকারীরা জানিয়েছেন।
এছাড়া মঙ্গলবার, ২০ আগস্ট (৫ ভাদ্র) বিএসসি ইন নার্সিং অনার্স চতুর্থ বর্ষের ফলাফল ঘোষণা অন্যথায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবিতে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।