মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, যে উন্নয়ন পরিবেশকে সংকটে ফেলে সেটি উন্নয়ন নয় বরং অবোন্নয়ন। এতদিন বলা হয়েছে, অনিয়ন্ত্রিত শিল্পায়নের ফলে পরিবেশগত বিপর্যয় ঘটছে। বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় আইন, আন্তর্জাতিক ঘোষণা ও পরিবেশবাদীদের আন্দোলনে অনেকে বাধ্য হচ্ছেন পণ্য উৎপাদন ব্যবস্থায় পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে। এখন সময় এসেছে পণ্য ও সেবা বিপণন ব্যবস্থায়ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার। উন্নত দেশগুলোতে গ্রীন মার্কেটিংয়ের উপর গুরুত্ব আরোপ করা হলেও বাংলাদেশের মতো দেশগুলো গতানুগতিক উন্নয়ন ও ব্যবসা নীতি অনুসরণ করায় তা থেকে অনেক দূরে। পরিবেশগত সংকট মোকাবেলা ও পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করতে পরিবেশবান্ধব বিপণন ব্যবস্থা অনুসরণ করতে হবে। কেবল পণ্য উৎপাদন নয়-বিপণন ব্যবস্থাও পরিবেশবান্ধব হতে হবে।
বুধবার, ১১ অক্টোবর সকাল ১১টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যোগে ৬ষ্ঠ বাংলাদেশ মার্কেটিং দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য মার্কেটিং খাতের বিকাশ ও প্রসারে যাতে পণ্যের দাম না বাড়ে সে দিকটির উপরও গুরুত্ব আরোপ করেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ ইমরান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ম্যানেজমেন্টের প্রাক্তন ডিন প্রফেসর ড মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড তাহের বিল্লাল খলিফা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো মাসুদ রানা, এমবিএ কোর্ডিনেটর সহযোগী অধ্যাপক দেবাশিষ রায়, মোহাম্মদ কামরুল আহসান, সহকারী অধ্যাপক মো জিয়াউর রহমান, গোলাম মুক্তাদির, মো আলাওল হক, নিশাত আনজুম, সাইদুর রহমান পলাশ, মো আফসারুল ইসলাম, জেসি সাহা, উম্মে সায়মা, ড ঊর্মী ঘোষ, প্রভাষক মোমতাজ পারভীন, আয়েশা শাহরিন প্রমূখ।
এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসন ভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় একাডেমিক ভবনে গিয়ে শেষ হয়।
পরে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক ফিতা ও কেক কেটে ৬ষ্ঠ মার্কেটিং ডের ভ উদ্বোধন ঘোষণা করেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাস্টেইনেবল মার্কেটিং’ যা পরিবেশগত ও সামাজিকভাবে দায়িত্বশীল মার্কেটিং অনুশীলনের গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
কেইস কম্পিটিশন এবং সাস্টেইনেবল মার্কেটিংয়ের উপর প্যানেল আলোচনায় বিজ্ঞান ও গবেষণামূলক বিভিন্ন বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে প্রফেসর ড মোহাম্মদ মনিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ও ব্যবসায় প্রশাসন বিভাগের এলামনাইদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি কেইস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি