`নৌকা’র প্রার্থী পেয়ে খুশি বিশ্বনাথ-ওসমানীনগরের নেতাকর্মী ও সাধারণ মানুষ : শফিক চৌধুরী

প্রকাশিত December 24, 2023
`নৌকা’র প্রার্থী পেয়ে খুশি বিশ্বনাথ-ওসমানীনগরের নেতাকর্মী ও সাধারণ মানুষ : শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী দলের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ‘নৌকা’ মার্কার পক্ষে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেছেন, ১০ বছর পর ‘নৌকা’ প্রতীক পেয়ে দারুণ খুশি এই নির্বাচনী এলাকার সবাই। তাই ঐক্যবদ্ধভাবে
‘নৌকা’র বিজয়ে কাজ করছেন।
রবিবার, ২৪ ডিসেম্বর (৯ পৌষ) দুপুরে সিলেট মহানগরীর নয়াসড়কে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১০ বছরে বিশ্বনাথ ও ওসমানীনগর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হলে সেই বঞ্চনার কষ্ট সবার মন থেকে মুছে দিতে চেষ্টা করবেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনীতি উন্নয়নের, জ্বালাও-পোড়াও করে জীবন্ত মানুষকে হত্যা করার নয়। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তিনি সংসদ সদস্য থাকাকালে জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করেছিলেন বলে প্রবাসীরা ভোটের অধিকার ফিরে পেয়েছেন।
মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের ১৬টি ইউনিয়নে গত ১০ বছর কেবল ‘রুটিন উন্নয়ন’ হয়েছে। শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত হলে অভূতপূর্ব উন্নয়ন হবে।
মেয়র সিলেটের ৬টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন খান বলেন, শফিকুর রহমান চৌধুরী ২০০৮ সালে বিজয়ী হয়ে এলাকায় অনেক উন্নয়ন কাজ করেন; কিন্তু ২০১৪ ও ২০১৮ সালে তিনি জোটের কারণে দলীয় সিদ্ধান্ত মেনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচনের বিরোধিতা করছে। সাধারণ মানুষ সেটা মানছে না। ৭ জানুয়ারি সাধারণ মানুষ ভোট দিতে যাবেন।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সাবেক ছাত্রনেতা শাহ ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক,।